২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪১ হিজরি

যুবলীগ নেতা আরজুর বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ । ৬:৪৮ সন্ধ্যা

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি সামশুদ্দোহা সিকদার প্রকাশ আরজু সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।

বাদীপক্ষের আইনজীবী রেহানা বেগম রানু জানান, দণ্ডবিধির ৫০০ ও ৫০৬ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর চট্টগ্রামে জুয়ার আসর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রশাসনের চোখ খুলে দেয় একুশে পত্রিকা।

এরই ধারাবাহিকতায় যুবলীগের নাম ব্যবহার করে রাঙ্গুনিয়ায় জুয়া, মাদক, সরকারী জায়গা দখল, চাঁদাবাজি করে কোটি টাকার মালিক হয়েছেন- তাদের ব্যাপারে তথ্য আহ্বান করে ফেসবুকে একটি পোস্ট দেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।

উক্ত পোস্টে কারো নাম না থাকলেও বিষয়টি নিজের ঘাড়ে টেনে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি আরজু সিকদার নিজের অপকর্ম ঢাকার জন্য রাঙ্গুনিয়া থানার সামনে রাস্তা ব্লক করে গত ১০ অক্টোবর বিকেলে সমাবেশ করেন।

যেখানে সাংবাদিক আজাদ তালুকদারকে প্রকাশ্যে মেরে ফেলার, হাত-পা ভেঙে ফেলার, জিহ্বা কেটে নেয়ার হুমকি দেন আরজু সিকদার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ক্রমাগত হুমকি ধমকি অব্যাহত রেখেছেন আরজু সিকদার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন