২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪১ হিজরি

পাবজি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ । ৪:৩০ বিকাল

তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ গেমটি নিষিদ্ধ করেছে বাংলাদেশ। ফলে এখন বাংলাদেশ থেকে গেমটি আর ইনস্টল করা যাবে না।

এছাড়া কল অব ডিউটি, রেডিট, পাবজি লাইট গেমও বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গেমটির সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা পর্যালোচনা করে গেমটির এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

অক্টোবরের প্রথম সপ্তাহে পাবজি গেমটি বাংলাদেশে খেলতে সমস্যা হওয়ার কথা ফেসবুকে জানান অনেক গেমার। বর্তমানে গেমটিতে বাংলাদেশের সার্ভার দিয়ে প্রবেশ করা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা মনোভাব তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর গেমটি বাংলাদেশ থেকে খেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, গেমটির বিরূপ প্রভাব নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার পর গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন।

চলতি বছরের ১৩ এপ্রিল নেপালে এ পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল।বাংলাদেশে পাবজি বন্ধের আলোচনা শুরু হয় চলতি বছরের এপ্রিলে।

২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী গেমটি ১০ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন