২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ মে ২০২০ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩ শাওয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে ঈদের নামাজ শেষে ফেরার পথে গুলিতে ইউপি সদস্য খুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২০ । ৬:২৬ সন্ধ্যা

ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ জামাত থেকে ফেরার পথে মোহাম্মদ জব্বার (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এ হত্যাকাণ্ডের শিকার হন জব্বার।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বা মেম্বার ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইপক্ষের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে রোববার (২৪ মে) রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি হয়। এর জেরে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে। তাকে কয়েকজন অস্ত্রধারী ঘিরে ধরে। এরপর কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টায় উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এই খুনের ঘটনা ঘটে। এলাকায় তিনি জব্বার মেম্বার নামে পরিচিত।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, জব্বার মেম্বার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। চৌমুহনী বাজারে তাকে সন্ত্রাসীরা গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নাজিরহাটে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জব্বারের সঙ্গে খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, হত্যাকাণ্ডের পর আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন