২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২০ সফর ১৪৪১ হিজরি

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ । ৭:০০ সকাল

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের পর আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ দুটি মার্কেটের সরু পথে গড়ে উঠা পাইকারি কাপড়ের দোকানের পাশাপাশি কম্বলের কারখানা ও গুদামসহ বিভিন্ন কাপড়ের খুচরা দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট।

ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে দোকান ও গুদামগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল। আগুনে জালালাবাদ মার্কেটের পাশাপাশি জহুর হকার্স মার্কেটের অর্ধশত দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন