২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ মে ২০২০ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪১ হিজরি

চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

করোনা পরীক্ষার অনুমতি পেল চবি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ । ৩:৫৫ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষণাগারে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হলো।

এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কোভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২ – তে প্রেরণ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। কখন থেকে শুরু করা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে।

এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টা/ মেহেদি/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন