২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ জুন ২০২০ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৫ শাওয়াল ১৪৪১ হিজরি

মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২০ । ১:১০ দুপুর

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘উনার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন তিনি।

‘অস্ত্রোপচারের পর উনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। এরপর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন’ যোগ করেন তিনি।

দেশবাসীর কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় স্বরাষ্ট্রসহ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন