২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ জুন ২০২০ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৫ শাওয়াল ১৪৪১ হিজরি

হাটহাজারীতে পিটিয়ে আওয়ামীলীগ নেতা বখতেয়ার হত্যা মামলায় আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২০ । ১০:০৩ রাত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে গত ৬ মে কয়েক জন যুবকের কিল-ঘুষিতে প্রাণ হারান গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বখতিয়ার সিকদার। এতে ঐ দিনই নিহতের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য মো: লোকমান সিকদার বাদী হয়ে একই ইউনিয়নের রানা আহমেদ (২৮) ও মো: মুন্না (৩২) কে প্রধান আসামী করে অজ্ঞাত ৪-৫ জনের নামে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরি প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানা পুলিশ তদন্ত পূর্বক আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যান। এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ আওয়ামীলীগ নেতা বখতিয়ার হত্যা মামলার প্রধান দুই আসামি রানা আহমেদকে চট্টগ্রাম নগরী এবং মো: মুন্নাকে কুমিল্লা জেলার লাকসাম থেকে আটক করে।

আটককৃতদের মধ্যে রানা আহমেদ গড়দুয়ারা ইউনিয়নের আহসান উল্লাহ মিয়াজির বাড়ির আব্দুল হালিমের পুত্র এবং মো: মুন্না একই ইউনিয়নের ইব্রাহীম কন্ট্রাকটর বাড়ির মোঃ ইউসুফের পুত্র বলে জানা গেছে।

বখতিয়ার হত্যা মামলার প্রধান দুই আসামীকে আটক করার কথা জানিয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার বাকি আসামিদের ও গ্রেফতার করা হবে।

এদিকে নিহতের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য মোঃ লোকমান সিকদার বলেন, গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডে নিয়ে হত্যায় জড়িত বাকীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন