২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২১ সফর ১৪৪১ হিজরি

মোবাইলের জন্য মাকে খুন করল মাদকাসক্ত ছেলে

মাদকাসক্ত ছেলে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ । ২:৪১ দুপুর

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন মা রাবেয়া মল্লিক। মোবাইল ফোনের আবদার মেটাতে না পারায় তাকে হত্যা করা হয়েছে দাবী বোনের।

আজ রবিবার সকাল ৮টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকান্ডটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) গ্রেফতার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

নিহত রাবেয়া মল্লিক (৬০) বাসাবাটি এলাকার শাহাজান মোল্লার স্ত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত রাবেয়া মল্লিকের মেয়ে নাজমা বেগম জানান, রাসেলকে নিয়ে মা রাবেয়া মল্লিক বাসাবাটি তার বাবার বাড়িতে থাকতেন। তার ভাই রাসেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। তারা চিকিৎসা করেও ভাইকে সুস্থ করতে পারেনি। বিভিন্ন সময় তার ভাই মাদক কেনার টাকার জন্য মাকে বিরক্ত করতো। এমনকি মারধরও করতো।

রবিবার সকালে ভাই রাসেল তার মায়ের কাছে একটি মোবাইল ফোনের আবদার করে বসে। আবদার মেটাতে ব্যর্থ হওয়ায় রাসেল তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তার ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল। তিনি বলেন, আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসাবাটি এলাকার একটি বাসা থেকে রাবেয়া মল্লিকের লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টে তাকে ছুরিকাঘাতে হত্যা করার প্রমাণ মেলে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে রাসেলকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন