কুমিল্লা শহরের হালিমানগর এলাকার সাতরা চম্পকনগরে খুন হয়েছে ৯ বছরের স্কুল ছাত্র মেহেদী হাসান। শনিবার রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে গলাকাটা অবস্থায় মেহেদীর মরদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় হৃদয় নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মেহেদী ওই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের ছেলে এবং নর্থ সাউথ চাইল্ড একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
নিহতের চাচা আবদুল হান্নান জানান, মেহেদী হাসান পাশের বাড়ির বিউটি আক্তারে কাছে নিয়মিত প্রাইভেট পড়ত। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও প্রাইভেট পড়তে যায় সে। রাত ৯টার দিকে বাসায় না ফেরায় তার মা ছেলেকে খুঁজতে ওই প্রাইভেট শিক্ষকের বাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন শিক্ষক বিউটি মেহেদীকে তাদের বাসার গেটের ভেতরে দিয়ে গেছে।
কিন্তু বাসায় মেহেদীকে দেখতে না পেয়ে তার পরিবার ও স্বজনরা মিলে সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের ডোবায় গলাকাটা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মেহেদীর পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেহেদীর লাশ সনাক্ত করে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, রোববার ময়নাতদন্ত শেষে মেহেদীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকান্ডটির বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে, কীভাবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। আশা করি শিগগিরই ঘাতকরা শনাক্ত ও আইনের আওতায় আসবে বলে জানান ওসি আনোয়ারুল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ । ২:৫৭ দুপুর