২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের একটি স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তবে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীদের নিরলস চেষ্টায় এক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার সময় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন সম্ভব হয়।
নিয়ন্ত্রণে আসার আগে রাজারবাগ পুলিশ লাইন্সের পুরনো মালামাল রাখার গুদামঘরে রাখা কিছু জিনিসপত্র ক্ষতি হলেও রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাত হোসেন বলেন, রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।
এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন সম্পূর্ণ নিভে ভোর ৪টা ৫০ মিনিটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। তবে আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের ধারণা গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাজারবাগের ওই গুদামে পাশেই রয়েছে ডিএমপির একটি অস্ত্রাগার। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। সেখানে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগার এবং পুলিশ সদস্যদের ক্ষতির সম্ভাবনা ছিল।
২৪ ঘণ্টা/আর এস পি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২০ । ৯:১৯ সকাল