২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

স্বাস্থ্য বিভাগের অদূরদর্শী বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে:কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ২:১২ দুপুর

স্বাস্থ্যবিভাগের কোনও কোনও কর্মকর্তার করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধও জানান ওবায়দুল কাদের।

করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ-জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারনের আহবান জানিয়ে বলেন,শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না,অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করারও আহবান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের আশার শেষ ঠিকানা,চেতনার বাতিঘর,সংকটে দৃঢ় আস্থা শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন।

ওবায়দুল কাদের বলেন, জোন ভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পর পরই দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে,প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়।
যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলারও আহবান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৃঢ় কন্ঠে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন