২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ জুন ২০২০ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪১ হিজরি

এমএলএম’র নামে প্রতারণা;এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২০ । ৮:৪১ রাত

এমএলএম ব্যবসায়ের মাধ্যমে প্রতারণা ও ক্ষতিকর ওষুধ বিক্রয় করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে অভিযান চালিয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক একটি মাল্টিলেভেল প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে নগরীর মুরাদপুর এলাকার আইকন টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছে যা ডাক্তারে পরামর্শ ব্যতিরেকে ব্যবহার মানব দেহের জন্য বিপদজনক। ওষুধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল যা যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদ রোগ কমায় বলে দাবি করে এমএলএম এর মাধ্যমে ব্যবসা করে আসছে। তারা সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকিয়ে যাচ্ছিল, তাদের প্রতারণা বন্ধ করতে জেলা প্রশাসনের এ অভিযান।

তিনি আরও বলেন একজন গ্রাহককে সদস্য হতে হলে ৭০০০(সাত হাজার) টাকার ওষুধ সামগ্রী কিনতে হয় ফলে নতুন কেউ যদি তার মাধ্যমে যোগ দেয় তাহলে তিনি ৫০০ টাকা কমিশন পান।অর্থাৎ সাইক্লিং পদ্ধতিতে এ ব্যাবসা পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট বলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্যবসার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন অনুমোদন নেই।

অভিযানে থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ওষুধগুলির কোন রেজিষ্ট্রেশন নেই। ওষুধ গুলিকে থেরাপিউডিক দাবী করা হয়েছে যে বিভিন্ন রোগের চিকিৎসায় এই ওষুধ সমূহ কাজ করে।

প্রকৃতপক্ষে এসব ঔষধের সরকারের কোন অনুমোদন নেই। এসব যৌন শক্তি বর্ধক জাতীয় ওষুধ প্রেসক্রিপশন করার কোন নিয়ম নেই। এসব ওষুধ সেবনে জনগনের স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে।

অভিযানে কোম্পানির বিপুল পরিমান ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন