২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ জুন ২০২০ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১০ জিলকদ ১৪৪১ হিজরি

দোকানপাট খোলা রাখার সময় ৩ ঘণ্টা বাড়ল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ । ১১:০০ রাত

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।
পরিবর্তন আনা হয়েছে দোকানপাট খোলা-বন্ধের সময়ে। খোলা রাখার সময় বাড়ানো হয়েছে ৩ ঘণ্টা।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‌যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ আগস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

তিনি আরো জানান, সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।

বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা ছিল।

এর আগে, শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আবেদন জানিয়েছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান সাক্ষরিত ওই আবেদনে দেখা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, সরকারের নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ীরা। তবে খোলা রাখার সময় কম হওয়ায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয় আবেদনে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন