২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪১ হিজরি

কানাডায় টানা দ্বিতীয়বার ক্ষমতায় ট্রুডো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ । ৪:৫৬ বিকাল

উত্তর আমেরিকার দেশ কানাডায় ৪৩তম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পথে রয়েছেন উদারপন্থি রাজনৈতিক জাস্টিন ট্রুডো। যেখানে ১৫৬ আসন পেয়ে জয়ী হয়েছে ট্রুডোর রাজনৈতিক দল লিবারেল পার্টি। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৪টি আসন প্রয়োজন।

নির্বাচনে ট্রুডোর প্রধান প্রতিপক্ষ ছিল কনজারভেটিভ দলের নেতা অ্যান্ড্রু শীর। এবারের ভোট পরবর্তী ফলাফল গণনায় তার দল পেয়েছে ১২২ আসন। যেখানে গত নির্বাচনে তারা জয় পেয়েছিল মাত্র ৯৫টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করতে চাইলে পার্লামেন্টের মোট ৩৩৮ আসনের মধ্যে তাদের কমপক্ষে ১৭০টি আসনে জয় পাওয়া প্রয়োজন। যা ট্রুডো কিংবা শীর কেউই পাননি।

অপর দিকে নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এ বিজয় আমার একার নয়, আপনাদের সবার। আপনারা আমাকে যে সম্মান এবং দায়িত্ব দিয়েছেন; গত চার বছর যেভাবে পালন করেছি, আগামী দিনগুলোতে আরও ভালোভাবে পালন করতে চাই।’ ট্রুডো আরও বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব, আপনাদের সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ।’

টানা পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষে সোমবার (২১ অক্টোবর) দিনভর দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ছয়টি রাজনৈতিক দল লিবারেল, কনজারভেটিভ, ব্লক কুবেকুয়া, নিউ ডেমোক্রেটিক, গ্রিন এবং পিপলস পার্টি অব কানাডা প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন