২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২০ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪১ হিজরি

রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, উত্তেজিত জনতার সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ । ১০:১১ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যানের ঘাটা এলাকায় ব্যস্ততম চট্টগ্রাম-রাঙামাটি সড়কে প্রাইভেট কারের ধাক্কায় আকাশ কর (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আকাশ কর রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যানের বাড়ীর দুলাল করের পুত্র। সে রাঙামাটি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাঙামাটিমুখী একটি প্রাইভেট কার মনোরঞ্জন চেয়ারম্যানের ঘাটা এলাকায় কলেজ ছাত্র আকাশ করকে ধাক্কা দিলে মারাত্নক আহতাবস্থায় প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দুর্ঘটনার খবর শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের উভয়দিকে অনেক গাড়ী আটকা পড়ে।

পরে আওয়ামীলীগ নেতা ইরফান আহমেদ চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে যান চলাচল শুরু হয়।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকাশ করের মৃত্যুর সংবাদ শুনে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কার চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন