কামরুল ইসলাম দুলু সীতাকুন্ড প্রতিনিধি: মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সারাদেশে খুলেছে সব ধরনের মার্কেট ও শপিংমল। কিন্তু ক্রেতার অভাবে ব্যবসা মন্দা যাচ্ছে মার্কেট ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দোকান ভাড়ার বোঝা। এ অবস্থায় তিন মাসের দোকান ভাড়া মওকুফসহ করোনাকালীন অর্ধেক ভাড়ার দাবি তুলেছেন নগরীর অলংকার শপিং কমপ্লেক্স এর ব্যাবসায়ীরা। সরকার ঘোষিত লকডাউনে ৭৫ দিন মার্কেট বন্ধ থাকায় ও বর্তমানে সীমিত পরিসরে মার্কেট চালু থাকায় তিন মাসের (এপ্রিল,মে,জুন) সম্পূর্ন ও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০% ভাড়া মওকুপের দাবিতে অলংকার শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ীরা সমাবেশ করেছে।
সোমবার এক সভা মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অলংকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী উন্নয়ন পরিষদের সভাপতি মীর মোহাম্মদ মোতাহের হোসেন হারুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মু. আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন ব্যাবসায়ীবৃন্দ। ব্যবসায়ীরা জানান, করোনার কারণে পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরে কোনো ব্যবসা না হওয়ায় বড় লোকশনে রয়েছেন মার্কেট ব্যবসায়ীরা। সাধারণ ছুটি শেষে মার্কেট খুলে দেওয়া হলেও ক্রেতা নেই। ভাইরাস সংক্রমণের আতঙ্কে মানুষ মার্কেটমুখী হচ্ছেন কম। ক্রেতার অভাবে বেচা-বিক্রি একেবারেই তলানিতে ঠেকেছে। দোকান খোলা রাখার সময় বাড়ানো হলেও অবস্থা পরিবর্তন হয়নি।
একদিকে আয় নেই, অন্যদিকে কর্মচারীদের বেতন-ভাতা, দারোয়ানের বেতন, সার্ভিস চার্জসহ দোকান পরিচালনার বিভিন্ন খরচ টানতে হচ্ছে ব্যবসায়ীদের। আরও রয়েছে বিদ্যুৎ বিল ও বিভিন্ন ঋণের বোঝা। এ অবস্থায় দোকান ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। তাই বাধ্য হয়েই তারা দোকান ভাড়া ও সার্ভিস চার্জ মওকুপের দাবি তুলেছেন।
২৪ঘণ্টা/এন আর / দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ । ১২:৪৫ দুপুর