২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুলাই ২০২০ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় ১ কোটি ৬৫ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার : প্রাইভেট কার ও পিক-আপ জব্দ, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ । ৩:২৫ বিকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ এবার এক অভিযানেই ১কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৫৫ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে। এ সময় দুই পেশাদার মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। ইয়াবা পাচার কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার ও একটি পিক-আপও জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আজ শূক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

এসময় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও সদ্য চট্টগ্রাম রেঞ্জের সেরা মাদক উদ্ধারকারী অফিসারের সম্মাননাপ্রাপ্ত উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হল- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদার পাড়ার হিন্দু বাড়ীর হারাধন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্ত্তী (৩১) এবং কুমিল্লা জেলা সদরের কোতোয়ালী কাপতান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে মুহাম্মদ রাসেল (৩৬)।

প্রেস ব্রিফিংকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা জানান, টেকনাফ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেট কারযোগে (চট্ট-মেট্টো-গ-১২-৩৭৮৬) ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর নির্দেশে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রাইভেট কারটিতে সিগন্যাল দিয়ে থামানো হয়।

এ সময় তল্লাশি চালানো হলে কারটির চালক জনি চক্রবর্তীর কাছে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময ইয়াবা পাচার কাজে ব্যবহার করা প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই স্থানে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাক (পিক-আপ) গাড়িতে তল্লাশী চালিয়ে চালক মো : রাসেলকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহার করা মিনি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার এবং দুটি গাড়ী জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার অনুমান মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। যার প্রতি পিস ৩শ’ টাকা করে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনায় থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচার হচ্ছে ইয়াবার বড় বড় চালান। আমাদের লোহাগাড়া থানা পুলিশের টিম প্রতিদিন মহাসড়কে দুরপাল্লার বাস, প্রাইভেট কার ও মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে হাজার হাজার ইয়াবার চালান উদ্ধার করছে এবং এসব পাচারকারীকে গ্রেফতার করছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন