২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জুলাই ২০২০ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪১ হিজরি

নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০ । ১০:৩৯ রাত

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।

শনিবার রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতানা পারভীন জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান।

এরপর ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়।

বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা ভালো না জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।

টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন।

মোঃ ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন