২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪১ হিজরি

রামেন্দু-ফেরদৌসী দম্পতি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ । ৪:২৬ বিকাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তারা।

আজ (৭ আগস্ট) দুপুরে রামেন্দু মজুমদার বলেন—হ্যাঁ, আমরা করোনায় আক্রান্ত হয়েছি। কিন্তু এখন দুজনেই ভালো আছি। আমাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে না।

বরেণ্য এ নাট্যব্যক্তিত্ব আরো বলেন—প্রথমে ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। এটি গত ১৪ জুলাইয়ের ঘটনা। পরে ১৮ জুলাই কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রেজাল্ট পজিটিভ আসে। এর এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর ভাব তৈরি হয়। আমিও পরীক্ষা করাই। আমার রেজাল্টও পজিটিভ আসে।

শারীরিকভাবে কোনো অসুস্থতা বোধ করছেন না রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি। আগামী কয়েক দিনের মধ্যে আবারো কোভিড-১৯ পরীক্ষা করাবেন। দ্বিতীয়বারের পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশা ব্যক্ত করেছেন রামেন্দু মজুমদার।

ঢাকার মঞ্চ ও টিভি নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার। ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত তিনি। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুরে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) ও এমএ পাস করেন।

রামেন্দু মজুমদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিত সভাপতি।

অন্যদিকে ফেরদৌসী মজুমদার শক্তিমান একজন অভিনেত্রী। স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সমান সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। ধারাবাহিক টিভি নাটক সংশপ্তকে ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান এই শিল্পী।

ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন