২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ আগস্ট ২০২০ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৭ জিলহজ ১৪৪১ হিজরি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচজন রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২০ । ১২:১৫ রাত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতন করে তিন কিশোরকে হত্যা ও ১৫ জনকে আহত করার মামলায় গ্রেফতার কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদি হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার দেখানো হয়। আদালতে হাজির করে গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জামান।

শুনানি শেষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর শাহানূর সাইকো সোস্যালকে পাঁচদিন এবং কাউন্সিলর মুশফিকুর রহমান ও ওমর ফারুককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে আসামি করা হয়। এদিকে এ ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে।

গত ৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কর্মকর্তাদের উপস্থিতিতে আনসার সদস্য ও তাদের নির্দেশে কয়েকজন কিশোর অন্তত ১৮ জনকে বেধড়ক মারপিট করে। মারপিট ও নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাদের ফেলে রাখা হয়। কয়েকজন অচেতন থাকায় তারা অজ্ঞান হয়ে গেছে মনে করলেও পরে তারা বুঝতে পারে এরা মারা গেছে। এরপর সন্ধ্যার দিকে এক এক করে তাদের মরদেহ হাসপাতালে এনে রাখা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন