২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ আগস্ট ২০২০ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২৮ জিলহজ ১৪৪১ হিজরি

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০ । ১১:৪৫ রাত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

১৭ আগস্ট (সোমবার) সাংসদ ফজলে করিমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ ও রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ সাংসদ ফজলে করিম চৌধুরীর করোনা পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।

জমির উদ্দিন পারভেজ এ প্রতিনিধিকে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে ছড়িয়ে পড়ার পর জীবনের ঝুঁকি নিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরী বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে দিন-রাত জনগণের পাশে থেকেছেন। রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সাংসদের বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী আলোচিত হয়। সর্বশেষ ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত কোরআনখানি, দোয়া, মিলাদ, আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের ভালোবাসা ও দোয়ায় সাংসদ ফজলে করিম চৌধুরী করোনাকে জয় করে আবারো মানবিক কাজে সম্পৃক্ত হবেন।

সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার বাদে এশা রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য রাউজানে সাংসদের নেতৃত্বে করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরীসহ বেশ কয়েকজন চেয়ারম্যান করোনায় আক্রান্ত হন। বর্তমানে আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে আবারো মানবিক কাজে সামিল হয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন