লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়ায় সদর ইউনিয়নের দরবেশহাট মাওলা পাড়ায় সিলিন্ডারের গ্যাসের আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন, ওই এলাকার আবদুল নবীর পুত্র সৌদি প্রবাসী আবদুল জব্বার, আবদুল মালেক, আবদুল জলিল।
স্থানীয়রা জানায়, আবদুল জব্বারে বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৩ ভাইয়ের সেমি পাকা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আবদুল জলিল বলেন, আগুনে তিন বসতঘরের স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও গোয়াল ঘরে থাকা ২টি গরুও পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০ । ১১:১৪ রাত