২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২০ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪২ হিজরি

সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ । ১:১৩ দুপুর

ঢাকার ধামরাইয়ে বেসরকারি টিভি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাসকে হত্যার ঘটনায় হাতেনাতে গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এর আগে সকালে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

গ্রেফতার মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জের বিষু ব্যাপারীর ছেলে ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না, এমনকি সংগঠনে কোনো অপরাধীর জায়গা হবে না। যুবলীগ কোনো অপরাধ, অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাড়বাড়িয়া বাসস্ট্যান্ডে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধিকে জবাই করে ও কুপিয়ে হত্যা করে শাহিন ও মোয়াজ্জেমসহ আরও কয়েকজন। পরে হাতেনাতে শাহিন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বর্তমানে তারা ৪ দিনের রিমান্ডে রয়েছে। এঘটনায় নিহতের বোন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অপর আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন