২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪১ হিজরি

তেহরান রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ । ১১:৫২ রাত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী বলেছেন, তেহরান রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কাজ করে যাবে।

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে এবং বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত নেয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে প্রয়োজনীয় সবকিছুই করে যাব।’

বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই আশ্বাস দেন।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

রুহানী প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ইরান জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি তাঁর সমর্থন অব্যাহত রাখবে।

রোহিঙ্গা সমস্যার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ উচ্ছেদে তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে।
রুহানী দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতাপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলামী বিশ্ব একটি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যদি নিজেদের মধ্যকার সংঘাতগুলো নিজেরাই মিটিয়ে ফেলে একতাবদ্ধ হতে পারে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন