২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪১ হিজরি

সরকার চাচ্ছে খালেদা জিয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ । ৫:১৯ সন্ধ্যা

সরকার চাচ্ছে কারাবন্দি অসুস্থ বিএনপির চেয়ারসপারসন বেগম খালেদা জিয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাক— এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শারীরিক অসুস্থতার কারণে জামিন পেলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হলেও তাকে জামিনে দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

শনিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজে তুলে খেতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না। তাকে কাউকে না কাউকে সাহায্য করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে অসুখ যদি যথাযথ চিকিৎসা না হয়, তাহলে এটা আরও খারাপের দিকে যাবে। ওখান থেকে আর ফিরে আসা যায় না। এই কথাটা আমরা বহুবার বলেছি। সংবাদ সম্মেলন করে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছি। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা প্রত্যেকটি বিষয়ে বলেছি।’

মির্জা ফখরুল বলেন, তাঁর (খালেদা জিয়া) যাতে চিকিৎসা না হয়, তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এটাই সরকারের কাম্য! আমার কাছে বারবার এটাই মনে হয়েছে। কারণ যে মামলাতে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য সে মামলাগুলোতে তিনি জামিন পাচ্ছেন না। বিভিন্ন কারসাজি করে তাঁর জামিন আটকে দেয়া হচ্ছে। লক্ষ্যটাই হচ্ছে উনি যেন কারাগার থেকে বের হতে না পারেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (শুক্রবার) খালেদা জিয়ার পরিবার সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারাও তাঁর চিকিৎসার ব্যাপারটা তুলে ধরেছেন। এটা পরিবারের বক্তব্য, এটা থাকবেই।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরে ফখরুল বলেন, ‘আমরা বারবার যেটা বলে আসছি, তিনি জামিন পেলে তাঁর পছন্দ মতো তিনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাবেন। এটা তাঁর অধিকার। পাকিস্তানের নওয়ার শরিফের সাজা হলেও তাকে জামিন দেয়া হয়েছে। তিনি অসুস্থ, সে কারণে তাকে জামিন দেয়া হয়েছে। কতগুলো বিষয় আছে, যা মানবিক। এটা না পাওয়ার কোনও কারণ নাই্। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারই বাধা সৃষ্টি করছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন