নেজাম উদ্দিন রানা,রাউজান : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক ডলফিনের মৃত্যুর ঘটনায় অতি বিপন্ন প্রজাতির এই জলজ প্রাণীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
সর্বশেষ গত ১২ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত ও অনেকটা অর্ধগলিত একটি ডলফিন উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘হালদা নদী রক্ষা কমিটি’র রাউজান অংশের সভাপতি মোঃ রোশাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার হালদার ভাঙ্গন রক্ষায় আজিমের ঘাট এলাকায় বসানো পাথরের ব্লকে মৃত ও অনেকটা অর্ধগলিত অবস্থায় ডলফিনটি দেখে তাৎক্ষণিক বিষয়টি হালদা বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফকে ফোনে অবহিত করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, বন বিভাগের সদস্য, আইডিএফসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় ডলফিনটি কয়েক শতাধিক লোক ঘটনাস্থলে ভিড় জমান। রাত সোয়া ৮টার দিকে এসিল্যান্ড, ইউপি চেয়ারম্যানসহ সকলের উপস্থিতিতে মৃত ডলফিনটি উদ্ধার করে আজিমের ঘাট পার্শ্বস্থ স্থানে মাটিচাপা দেয়া হয়।
এই নিয়ে গত তিন বছরে হালদা নদী থেকে ২৭টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। স্থানীয় সচেতন মহলের মতে হালদা নদীতে বালুবাহী ড্রেজার, ইঞ্জিনচালিত নৌযান আর জাল পাতা সম্পূর্ণ বন্ধ করা না গেলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) এই জলজ প্রাণীটির অস্তিত্ব বিলীন হওয়ার আশংকা দেখা দেবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, , মাছ ধরার জালে আটকে পড়েই ডলফিনটির মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ডলফিনটির দেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন, মূলত হালদা নদীতে চলাচলরত ড্রেজার, ইঞ্জিনচালিত নৌযান আর মৎস্য শিকারীদের অপতৎপরতার হালদার ডলফিনগুলো মারা যাচ্ছে। প্রশাসনের তৎপরতায় হালদা নদীতে জালপাতা রোধ আর বালুবাহী ড্রেজারের চলাচল আগের তুলনায় অনেক কমেছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যে ড্রেজার, নৌযান আর অধৈব জালপাতা হচ্ছে মূলত সেই কারণেই ডলফিনের মৃত্যুরোধ হচ্ছেনা। প্রশাসনের অভিযানের পাশাপাশি হালদার আশপাশের মানুষ সচেতন হলেই হালদা তার ঐতিহ্য আবার ফিরে পাবে।
ড. মনজুরুল কিবরিয়া আরো বলেন, ২০১৭ সাল থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে হালদায় ১৭০টি ডলফিনের অস্তিত্ব থাকার বিষয়টি ধারণা করছি। তবে গত তিন বছরে ২৭টির মৃত্যু হলেও ডলফিনের প্রজনন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। তবে মৃত্যুর পাশাপাশি গত তিন বছরে ডলফিনের প্রজননও অবশ্যই বেড়েছে।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া বলেন, হালদা নদীর আজিমের ঘাট এলাকায় একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানার পর আমরা স্থানীয় চেয়ারম্যানসহ ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি স্থানে মাটিচাপা দিয়েছি। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন ছিল।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ । ৫:১৪ সন্ধ্যা