২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রিজভীর অনুপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে প্রিন্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ । ১২:৩৩ রাত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে যেভাবে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিভিন্ন বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে আসছিলেন এখন সেই ভূমিকায় দেখা যাবে দলটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় সাংগঠনিক সম্পাদক প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

হার্ট অ্যাটাকের পর রিজভী এখন ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।

চিঠিতে বলা হয়, ‘তিনি (রিজভী) সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার দলীয় কার্যালয়ে অফিসও করেছেন।’

প্রিন্স বলেন, ‘সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি নয়া পল্টনে অফিস করা শুরু করেছি।’ এর আগে প্রিন্স দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন