২০১৭ সালে শাহ আমানত বিমান বন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হওয়া মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় দেন। মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায় ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হন মো. শাহাদাত হোসেন। এঘটনায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
একই বছরের ২৫ মার্চ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ১১ জ্লুাই আদালত আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ । ৭:২৬ রাত