২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় আরও ২০ প্রাণহানি, নতুন শনাক্ত ১৩৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ । ৪:২৬ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ০১ হাজার ৫৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৩৮ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৮৩ হাজার ৯৭৪টি।

আর নতুন যারা মারা গেছেন তাদের ১২ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন ও আরেকজনের বয়স ১০ বছরের বেশি।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুইজন ও খুলনা একজন রয়েছেন।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৯৪ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) এবং নারী এক হাজার ৩৪৪ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন। মোট সুস্থতার পরিমাণ তিন লাখ ১৮ হাজার ১২০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন