২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে জুলুস হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ । ১০:১৪ সকাল

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস বের হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখা থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জুলুস আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আমরা মাস্ক না পরলে কাউকে জুলুসে অংশ নিতে কিংবা আলমগীর খানকাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় ঢুকতে দেব না। এছাড়া মাদ্রাসা মাঠ, খানকাহ, আশপাশের সব সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হবে।

যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুলুস করার অনুমতি পাওয়া গেছে তাই অন্যান্য বারের মতো লাখো লোকের সমাগম হবে না এবার। যারা জুলুসে আসবেন তাদের বিতরণের জন্য আমরা ভক্ত আশেকদের বেশি বেশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আনার জন্য অনুরোধ জানিয়েছি— বলেন বখতেয়ার।

প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস হয়ে আসছে। ওই বছর নগরের বলুয়ার দীঘি খানকাহ থেকে আল্লামা তৈয়্যব শাহ (রা.) এ জুলুসের প্রচলন করেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন