২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

৫৪০ কোটি টাকা লোপাট: বাধ্যতামূলক ছুটিতে ডাকের ডিজি সুধাংশু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ । ২:৫৬ দুপুর

ডিজিটাল পোস্ট ই-সেন্টার নির্মাণের নামে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা লোপাটের অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় এক মাসের ছুটিতে যান সুধাংশু শেখর ভদ্র। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ছুটির এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। যেখানে চলতি মাসের ১২ তারিখ থেকে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত পূর্ণ গড় বেতনে ছুটি মঞ্জুর করা হয়।

গত ১২ সেপ্টেম্বরে সময় সংবাদের অনুসন্ধানী প্রতিবেদন ডাক বিভাগের ভয়ংকর ডাকাতি শিরোনামে সংবাদ প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সুপারিশ করে ডাক বিভাগের মহাপরিচালকের পদ থেকে অপসারণ করার। যদিও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছুটির প্রজ্ঞাপনে এখনো মহাপরিচালক পদে থেকেই তার ছুটি মঞ্জুর করা হয়।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, এই দুর্নীতির অভিযোগ ওঠা সুধাংশু শেখর ভদ্র এই মুহূর্তে ডাক বিভাগের মহাপরিচালকের পদে নেই।

উল্লেখ্য সারাদেশে সাড়ে আট হাজার আধুনিক ডাকঘর নির্মাণের জন্য ২০১২ সালে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ করে সরকার কিন্তু বেশির ভাগ জেলায় সেই ডাকঘর নির্মাণ না করেই টাকা তুলে নেন বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।

এই নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে, যে কমিটি কেনাকাটা থেকে শুরু করে প্রকল্প সবখানেই দুর্নীতির প্রমাণ পায়।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন