২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

স্মার্টফোন কেনার জন্য ঋণ পাচ্ছে চবির ৩৭৫০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ । ৫:৩২ সন্ধ্যা

চবি প্রতিনিধিঃ অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কেনার জন্য বিনা সুদে শিক্ষাঋণ পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তরফ থেকে প্রতি শিক্ষার্থী ৮ হাজার টাকা করে ঋণ পাবে।

এ বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, করোনাকালীন অনলাইনে ক্লাসের প্রয়োজনে স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের পর শিক্ষার্থীরা আগামী ১ সপ্তাহের মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা পেতে শুরু করবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই ঋণ প্রদান করা শেষ হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের মধ্যে চার কিস্তি বা এককালীন এই ঋণ শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) অনলাইন প্লাটফর্মে ইউজিসি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গঠিত ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। শিক্ষার্থীকে শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন