বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বাহরাইনের বার্তাসংস্থা বিএনএ।
বিএনএ জানিয়েছে, আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতর বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ শেষ হবে।
কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর ছিলেন শেখ খলিফা। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি ওঠে। তবে এতে তার ক্ষমতা টলেনি।
২৪ ঘণ্টা/রিহাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০ । ৩:৪৭ বিকাল