২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪২ হিজরি

মীর নাছিরের জামিন আবেদন মুলতবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ । ৩:৪৯ বিকাল

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদন ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিলো। তবে আদালত আদেশ না দিয়ে বিষয়টি ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় উচ্চ আদালতের নির্দেশ গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।

ওইদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আত্মসমর্পণের পরে মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেন। একইসঙ্গে জামিনও চান।
২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-২ একই বছরের ৪ জুলাই মীর নাছির উদ্দিনকে আলাদা ধারায় তিন বছর ও ১০ বছরের সাজা দেন।
এছাড়া তার ছেলে মীর হেলালকে তিন বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আলাদা দু’টি আপিল করেন।

হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে দুদক।

২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ। রায়ে মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলালকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একইসঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন