২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২০ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

প্রধানমন্ত্রীর মাছ ধরা ও সেলাই করার ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০ । ৩:০৪ বিকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ আটপৌরে বাঙালি নারীর বেশে সেলাই মেশিন চালাতে দেখা যাচ্ছে, আরেকটি ছবিতে লেকের পাড়ে একটি মাছ আটকে থাকা বড়শি হাতে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর সেই লেকের পাড়ে প্রধানমন্ত্রীর মাছ ধরা এবং তার সেলাই মেশিন চালানোর ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রাত্যহিক জীবনে কিছুটা পরিবর্তন আনার কথা প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন। গত সেপ্টেম্বরে সংসদে প্রশ্নোত্তরে সকালে নিয়মিত হাঁটাহাঁটির পাশাপাশি কাজের ফাঁকে গণভবনের লেকে বড়শি ফেলে মাছ ধরার কথা বলেছিলেন তিনি।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা নিজেদের ফেইসবুকে ছবিগুলো শেয়ার করে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেন।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজেও ছবি দুটো শেয়ার করা হয়েছে। ওই পোস্ট শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে ছবি দুটো শেয়ার করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মিলিয়নের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এর মাঝেও তিনি রান্না করা, মাছ ধরা ও সেলাই করার সময় পান।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি তার ফেইসবুকে শেয়ার করে লিখেছেন, “ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নেই।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর দুটি ছবিই ফেইসবুকে দিয়ে লিখেছেন, “সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে।

সব হারিয়ে দেশের জন্য সারা দিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।”

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীকে সাধারণের মাঝে অসাধারণ অভিহিত করে লিখেছেন, “…আমাদের মা চাচী খালাদের প্রতিকৃতি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন