সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের গণমানুষের নেতা হিসেবে খ্যাত সাবেক প্যানেল স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের আজ ৫ম মৃত্যুবার্ষিকী।
তিনি সীতাকুণ্ড সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সপ্তম ও নবম সংসদের সদস্য ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৩৮ সালে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরে জন্ম নেওয়া আবুল কাসেম শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী নেতা হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।
তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম মাস্টার আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন, জিয়ারত, মিলাদ মাহফিল, শোকসভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।
এছাড়া সীতাকুণ্ডের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ ও জিয়ারত অনুষ্ঠিত হবে।
২৪ ঘণ্টা/মোরশেদ/দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ । ১২:০০ রাত