২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৯ রবিউস সানি ১৪৪২ হিজরি

সন্ধ্যায় শপথ নেবেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ । ১২:৪৩ দুপুর

ধর্ম প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ।

মন্ত্রিপরিষদ বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্মমন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা বলেন, ‘আমরাও বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনও কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি’।

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, আমিও খবরটি শুনেছি। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ফরিদুল হক খান দুলালকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম।

জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে।

ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন