২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি

অসমাপ্ত পরীক্ষা নিতে চবি প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ । ১১:৫৬ রাত

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ বর্ষের অসমাপ্ত পরীক্ষাগুলো নিতে প্রসাশনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। যথাযথ পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পৃথক চারটি স্মারকলিপি প্রদান করে এ সিদ্ধান্ত জানায়।

স্মারকলিপিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে কয়েকটি বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর মাঝপথেই থেমে যায়। আবার কিছু বিভাগে শুধুমাত্র দুই-একটি পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে।

গত ১৫ নভেম্বরে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় স্থগিত পরীক্ষাগুলো নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও, প্রতিটি বিভাগে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল নোটিশ পাঠানো হয়নি। প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে নোটিশ পৌঁছানোর পরেই বিভাগগুলো স্থগিত পরীক্ষাগুলো নেবে বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছে।

ইতোমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির প্রজ্ঞাপন জারি হয়েছে এবং অনেক ক্ষেত্রে পরীক্ষা হয়ে নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। গত সোমবারে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিতে ৪৩ তম সাধারণ বিসিএস এর চাহিদাপত্র পাঠিয়েছে। সামনের সপ্তাহে ৪৩ তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত পিএসসির একটি সভা হবারও কথা রয়েছে।

এই আটকে থাকা পরীক্ষাগুলোর কারণে আমরা এসব চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আর এর ফলে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমাদের বেশীরভাগ শিক্ষার্থীকেই চরম হতাশা ও মানসিক অশান্তির মধ্য দিয়ে প্রতিটি দিন পার করতে হচ্ছে।

আমরা সাধারণ শিক্ষার্থীরা আশা করছি, আপনার মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগ গুলোতে স্থগিত পরীক্ষাগুলো সরাসরি বা অনলাইনে বা অন্য যে কোনো উপায়ে নেয়ার ব্যাপারে আগামী ৭২ ঘন্টার মধ্যে নোটিশ পাঠানো হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই নোটিশ পাঠানো না হলে আমরা সামনের দিনগুলোতে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এ বিষয়ে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফোরকানুল আলম বলেন, অসমাপ্ত পরীক্ষাগুলো নিতে আমরা প্রশাসনের নিকট দ্বিতীয় দফা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এসময়ের মধ্যে পরীক্ষা নেয়ার বিষয়ে কোন পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে বলে শুনেছি। ওই সময় আমি অফিসে ছিলাম না।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন