২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

রাজশাহীকে হারিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ । ৮:৩৫ রাত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো গাজী গ্রুপ চট্টগ্রাম। নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৩৬ রানে হারিয়েছে দলটি।

প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হতো মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। তবে চট্টগ্রামের কাছে হারলেও প্লে-অফে যাওয়ার দৌড় থেকে এখনো ছিটকে যায়নি রাজশাহী। শনিবার মিরপুরে চট্টগ্রামের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজশাহী।

দলীয় ১০ রানে নাহিদুল ইসলামের বলে ‘ডাউন দ্য উইকেটে’ মারতে এসে স্ট্যাম্পিং হন পুরো টুর্নামেন্টে রাজশাহীর হয়ে দুর্দান্ত খেলা আনিসুল ইসলাম। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচে সেঞ্চুরি করা এবং রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ১১ রান করে নাহিদুলের বলে আউট হন তিনি। দলের অধিনায়কের বিদায়ের পর দলীয় ১০ রান যোগ করতেই সাজঘরে ফিরেন রনি তালুকদার (১৬)।

চট্টগ্রামকে তৃতীয় উইকেটও এনে দেন নাহিদুল। ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। দ্রুত উইকেট তুলে নিয়ে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান- ফজলে মাহমুদ এবং নুরুল হাসানকে চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। সেই সাথে কমে রাজশাহীর রান তোলার গতিও। দুই ব্যাটসম্যান মিলে গড়েন ৩৬ রানের জুটি।

নুরুল-ফজলের জুটি ভাঙেন রাকিবুল। এই বাঁহাতি স্পিনারের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও উইকেটকিপার লিটনের পরামর্শে রিভিউ নেন মিঠুন। ফলে ২০ বলে ১৯ রান করেই সাজঘরে ফিরেন ফজলে। দ্রুত সাজঘরে ফিরে যান সাইফউদ্দিন। তার বিদায়ের পর রাজশাহীর পরাজয় ছিল কেবল সময়ের ব্যাপার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান জড়ো করে শান্তর দল। ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

টস : মিনিস্টার গ্রুপ রাজশাহী

গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৭৫/৪ (২০ ওভার)
সৌম্য ৬৩, লিটন ৫৫, শামসুর ৩০*
আনিসুল ২১/২, সাইফউদ্দিন ৩২/১

মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৩৯/৮ (২০ ওভার)
সোহান ২৮, মেহেদী ২৬, ফজলে ১৯
নাহিদুল ১৯/৩, জিয়া ১৭/২

ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম ৩৬ রানে জয়ী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন