২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ । ১:২০ দুপুর

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদলীয় জো বাইডেনকে নিশ্চিত করেছে দেশটির ইলেকটোরাল কলেজ ভোট।

পরাজয় মেনে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির পরেও রাজ্যগুলোর কর্তৃপক্ষ হিসেবে নভেম্বরের নির্বাচনে বাইডেনের বিজয়ে সমর্থন দিয়েছেন তারা।

প্রেসিডেন্ট নির্বাচকরা সাবেক ভাইস প্রেসিডেন্টকে ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোটের নির্ভেজাল সংখ্যাগরিষ্ঠতায় সায় দিয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। চার বছর আগে একই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি।

নির্বাচকরা যখন তাদের ভোট দিতে জড়ো হন, তখন বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। করোনা মহামারীর কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা একত্রিত হয়েছিলেন।

এখন এই ফল রাজধানী ওয়াশিংটনে পাঠানো হবে। পরে আগামী ৬ জানুয়ারিতে কংগ্রেসের যৌথ অধিবেশেনে তা হিসাব করা হবে। ওই অধিবেশেনের সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এবারের নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তবে বাইডেন ও ট্রাম্পকে যে ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ দেয়া হয়েছে, তাতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই।

জনপ্রিয়তার হিসাবেও ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। ক্যালিফোর্নিয়ার ৫৫টি ভোট ডেমোক্র্যাটদলীয় প্রার্থীকে এগিয়ে নিয়ে গেছে।

সন্ধ্যায় এক ভাষণে বাইডেন বলেন, আবারও আমেরিকা, আইনের শাসন, সংবিধান ও জনগণের ইচ্ছার জয় হয়েছে। আমাদের পরীক্ষিত গণতন্ত্র তার সক্ষমতা দেখিয়েছে।

এ সময় আমেরিকার সব নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। বলেন, ভাইরাস ও অর্থনীতিকে সামনে রেখে আমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন