২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ১২:০৭ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে নিজ কন্যা সন্তান (১২)-কে ধর্ষণের দায়ে মোঃ নেজাম উদ্দীন (৪০) নামে এক পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ট্রাইবুনালের পিপি খন্দকার আরিফুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মোট দু’টি ধারায় আসামির সাজা হয়েছে। এর মধ্যে ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর ৯(৪) (খ) ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।

মামলার সুত্রে জানা গেছে, ‘১৫-২০ দিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিল মো. নেজাম উদ্দীন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় চেয়ারম্যান রুস্তম আলীর কাছে বিচার চাওয়া হয়। চেয়ারম্যান বিষয়টি জেনে ঘটনাটি দ্রুত দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে ভূজপুর থানায় অবহিত করেন। এলাকার লোকজন শিশুটির বাবা নেজাম উদ্দীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মেয়ের মা সেলিনা আকতার নিজে বাদী হয়ে ভুজপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৩০ অক্টোবর বাদী অভিযোগ আমলে নিয়ে নেজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২৪ঘণ্টা/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন