২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চবি কর্মকর্তাকে মারধরের ঘটনায় অফিসার সমিতির মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ । ২:৪৯ দুপুর

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে চবি অফিসার সমিতি। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরীকে অকারণে মারধর আমাদের আত্মসম্মান ও মর্যাদায় বড় ধরনের আঘাত।

কারও কোনো অপরাধ থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া যেতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, কর্তৃপক্ষকে সে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার চৌধুরী জাবেদ, সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) এ কে এম মাহফুজুল হক, ডেপুটি রেজিস্ট্রার এস এম ফোরকান, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসেন, পিএস টু ভিসি মিসবাহুল মোকর রবিন, উপ হিসাব নিয়ামক ইফতেখার মো. আলমগীর, ডেপুটি রেজিস্ট্রার মিনা পারভিন হোসেন, সহকারী রেজিস্ট্রার আবদুর রহিম, কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন।

এর আগে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে ১০-১২ জন লোক মো. ফরিদুল আলমকে জামায়াত-শিবিরের এজেন্ট, রাজাকার ও দালাল আখ্যায়িত করে মারধর করেন। তাদের পরিচয় জানা যায় নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনছুরকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে গোপনীয় শাখার সহকারী রেজিস্ট্রার ফজলুল করিমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার চৌধুরী জাবেদ।

২৪ ঘণ্টা/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন