২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

জানুয়ারিতে ঢাকার দুই সিটির নির্বাচন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ । ২:৩২ দুপুর

আগামী বছরের জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৫ নভেম্বরের পর।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন একযোগে সম্পন্ন হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ঢাকা দক্ষিণের মেয়র হন সাঈদ খোকন। আর ঢাকা উত্তরে মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী নেতা আনিসুল হক। আনিসুল হকের মৃত্যুর পর ভোটে নির্বাচিত হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র হন আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আর চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন