২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

টাইগারদের কাছে ‘হোয়াইটওয়াশ’ ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ । ৮:১৪ রাত

চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে এ নিয়ে ১৪তম বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল টাইগাররা, যা বাংলাদেশের ২৬তম সিরিজ জয়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান জড়ো করে বাংলাদেশ। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ- তিনজনই ৬৪ রান করে করেন। তামিম ৮০ বলে ৬৪ রান করে বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। ৮১ বলে ৫১ রান আসে সাকিবের ব্যাট থেকে। শেষদিকে চড়াও হয়ে খেলতে থাকেন মুশফিক ও রিয়াদ।

মুশফিক ৪টি চার ও ২টি ছক্কায় ৫৫ বলে ৬৪ এবং রিয়াদ ৩টি করে চার-ছক্কায় ৪৩ বলে ৬৪ রান করেন। রিয়াদ অপরাজিত থেকে মাঠ ছাড়লেও লিটন দাস, সৌম্য সরকারদের ব্যর্থতার দিনে দলীয় সংগ্রহ ৩০০ স্পর্শ করতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আলজারি জোসেফ ও রেয়মন রেইফার।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে এদিনও প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৩০ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। এনক্রুমাহ বোনার ও রভম্যান পাওয়েল প্রতিরোধ গড়ে তুললেও দলের বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। পাওয়েলের ৪৯ বলে ৪৭ ও বোনারের ৬৬ বলে ৩১ রানের ইনিংস ক্যারিবীয়দের ব্যাটিংকে একটু দীর্ঘায়িতই করেছে শুধু। ৪৪.২ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। শেষদিকে ২৭ রান আসে রেয়মন রেইফারের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে একাদশে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সৌম্য সরকার ও তাসকিন আহমেদ একটি করে উইকেট লাভ করেন। চোটের কারণে ৪.৫ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় সাকিব আল হাসানকে, যিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ : ২৯৭/৬ (৫০ ওভার)
রিয়াদ ৬৪*, মুশফিক ৬৪, তামিম ৬৪, সাকিব ৫১
আলজারি ৪৮/২, রেইফার ৬১/২

ওয়েস্ট ইন্ডিজ : ১৭৭/১০ (৪৪.২ ওভার)
পাওয়েল ৪৭, বোনার ৩১
সাইফউদ্দিন ৪৯/৩, মুস্তাফিজ ২৪/২, মিরাজ ১৮/২

ফল : বাংলাদেশ ১২০ রানে জয়ী
সিরিজ : বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা : মুশফিকুর রহিম।
সিরিজ সেরা: সাকিব আল হাসান।

 

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন