২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিন জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ । ১০:১০ সকাল

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে রাসেল (১৪) ও ভাইয়ের স্ত্রী হামিদা বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই তিন জনের উপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জনেরই মৃত্যু হয়।

কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল পহলান জানান, সকালে দেলোয়ার মিয়া বাগান থেকে সুপারিগাছ কাটতে গেলে ওই গাছ হেলে পড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

এতে প্রথমে দেলোয়ারের বিদ্যুৎর্স্পশ হয়। তার চিৎকারে ভাইয়ের ছেলে মো. রাসেল ও পরে ভাইয়ের স্ত্রী হামিদা এগিয়ে এলে তিনজনই বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কাছে কোনো ইনফরমেশন না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভারবিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠালগাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন