বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নিউইয়র্কের মানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ নভেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগে করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দেশে ফেরার পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে জানান মন্ত্রী। ফেসবুকে এক বার্তায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে বলেন, নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিটেরর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। আমি আমাদের নিউইয়র্কের কনস্যুলেটে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।
বিএনপির এ নেতা ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ । ২:২০ দুপুর