সিলেট প্রতিনিধি:
সিলেট নগরে এ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় তার স্ত্রী শিপা বেগম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরকীয়ার জেরে স্বামী আনোয়ার হোসেনকে ঘুমের ট্যাবেলেট খাইয়ে হত্যা করেছেন বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল রবিবার বিকেলে রিমান্ড শেষে সিলেট মূখ্য মহানগর আদালতে হাজির করলে শিপা বেগম এই স্বীকারোক্তি দেন।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পরকীয়ার জেরে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহির সহযোগিতায় শিপা বেগম ঘুমের ট্যাবেলেট খাইয়ে তার স্বামীকে হত্যা করার কথা আদালতে স্বীকার করেছেন।
তিনি গত ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন ও ২৯ এপ্রিল আনোয়ার হোসেনকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর তিনি মারা যান।
উল্লেখ্য, গত ২ জুন রাতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় তার স্ত্রী শিপা বেগমকে সিলেট নগরের তালতলা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১ জুন থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই, সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন।
মামলায় পরকীয়া প্রেমের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এতে নিহতের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও নিহতের স্ত্রী শিপা বেগমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া মোট ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
২৪ঘণ্টা/রানা /বাপ্পা মৈত্র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ জুন, ২০২১ । ৯:৫১ রাত