২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে : কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ২:১১ দুপুর

শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষক লীগের সম্মেলনের মাধ্যমে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে, সঙ্গতি রেখে যেন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তিত্ব কৃষক লীগের নেতৃত্বে আসতে পারে, সেদিকে কৃষক লীগের নেতাকর্মীদের নজর দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৪ বছরে সবচেয়ে কৃষকবান্ধব সরকার শেখ হাসিনার সরকার। সবচেয়ে সৎ ব্যক্তি, জনপ্রিয় রাজনীতিবিদ, বিচক্ষণ নেতা, দক্ষ প্রশাসক, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জন শুধু এ দেশে নয়, সারা বিশ্বে সমাদৃত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু কে বলে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধু থাকবেন লাঙলের ফলায়, থাকবেন শ্রমিকের হাতুড়ি-গাইতিতে, থাকবেন লালনের একতারায়।

এর আগে সকাল ১১টায় কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।

কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

সর্বভারতীয় কৃষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন