২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

১৪২ বছরের তাপমাত্রার রেকর্ডে বিশ্বের উষ্ণতম মাস ছিল ‘জুলাই’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ১:১৮ দুপুর

যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে চলতি বছরে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ‘জুলাই।’

এই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যদি এক দশকের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হতো, সেক্ষেত্রে তা হতো অনাকাঙ্ক্ষিত; কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি একেবারেই অস্বাভাবিক ও নজিরবিহীন।
তাপমাত্রার বৃদ্ধির কারণে বৈশ্বিক জলবায়ুর ভারসাম্যে অসঙ্গতি দেখা দিয়েছে। বিগত বছরসমূহের চেয়ে চলতি বছরের আট মাসে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড় ও অতিবর্ষণ অনেক বেশি ছিল বলেও বিবৃতিতে জানিয়েছে নোয়া।

জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন ঘটেছে উল্লেখ করে নোয়ার প্রধান নির্বাহী রিক স্পিনরাড বিবৃতিতে বলেন, ‘এই ক্ষেত্রে (বৈশ্বিক উষ্ণায়ন), প্রথম স্থান অর্জন করা সবথেকে বড় দুঃসংবাদ। বিশ্বজুড়ে যে দ্রুত জলবায়ুর পরিবর্তন ঘটনছে, নতুন এই রেকর্ড তার অন্যতম প্রমাণ।

এদিকে, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০২০- ৫০ বছরে বিশ্বের তাপমাত্রা যে গতিতে বেড়েছে, গত ২০০০ বছরে এত দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন