২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

সাইবার বুলিংয়ের শিকার ইবির ৭৩ শিক্ষার্থী

সাইবার বুলিংয়ের শিকার ইবির ৭৩ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৫:৫২ সন্ধ্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী মিজান বিশ্বাসের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে তিনি একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন দিয়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃৃৃৃপক্ষের কাছে শাস্তির দাবি করেছেন।

জানা যায়, ‘Crush & Confession, Islamic University, Bangladesh’ নামে একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন দিয়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। এরপর শিক্ষার্থীরা কমেন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে আনুমানিক ১২টার দিকে পেজটি থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে পুনরায় পেজটিতে পোস্ট করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক ছাত্রী বলেন, এমন কুরুচিপূর্ণ কাজ নিচু মানসিকতার মানুষরা ছাড়া পারে না। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এদের কারণেই অনিরাপদ। এই পোস্ট যারা করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে ছবি প্রকাশকারী মিজান বিশ্বাস বলেন, মজার ছলে পোস্ট করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনেছি। আইসিটি সেলের সঙ্গে বসব। পরিচয় পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আমি আইসিটি সেলকে নির্দেশ দিয়েছি অভিযুক্তকে খুঁজে বের করতে। কে বা কারা এর সঙ্গে জড়িত খুঁজে পেলে আমি কঠোর পদক্ষেপ নেব। তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন